অনলাইন ডেস্ক :: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অভিযান চালিয়ে শাহপরান থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া ১৬ বছর বয়সী কিশোরী তিশা পালকে উদ্ধার করেছে। একই সাথে অপহরণের অভিযোগে মুসা মিয়া নামে এক যুবককে আটক করা হয়েছে।
আজ শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলা থেকে মেয়েটিকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে আটক করা হয়। আটককৃত মুসা মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের জমির হােসাইনের পুত্র।
পারিবারিক ও ডায়েরি সূত্রে জানা যায়, গত ৬ জুলাই দুপুরে শাহপরান থানাধীন বোরহান উদ্দিন রোড নয়াগাঁও এলাকার বাসিন্দা কাজল পালের মেয়ে তিশা পাল তার দিদির বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে মেয়ের বাবা কাজল পাল শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৫৯) করেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবার আইনি সহায়তার জন্য র্যাব-৯, সিলেট ক্যাম্পেও লিখিত আবেদন জানায়।
অভিযোগ পাওয়ার পর র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলায় অভিযান চালিয়ে নিখোঁজ কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত মুসা মিয়াকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।
উদ্ধারকৃত কিশোরী ও আটককৃত যুবককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
