নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরে একদিনে চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটের ব্লু বার্ড স্কুল ও কলেজের একজন শিক্ষকও রয়েছেন।নিহতদের মধ্যে দুজনের সড়ক দুর্ঘটনায় এবং বাকী দুজনের মধ্যে একজনের বাসা থেকে ও অপরজনের হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ।
জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে এসে পাঠদান করেন মুরাদ আহমদ। পরে বেতনের চেক পেয়ে ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে ব্লু বার্ড স্কুলের পাশেই বাংলাদেশ বেতারের সামনে সড়ক পার হওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে দুর্ঘটনাকবলিত ওই সিএনজিতেই করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুরাদ আহমদের দুই কন্যা রয়েছেন। এর মধ্যে একজন ব্লু বার্ড স্কুলেই নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং অপরজন লিডিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুজিবুর রহমান জানান, মাত্র তিন মাস পর অবসরে যাওয়ার কথা ছিল তার। হঠাৎ এমন মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে।নিহত ওই যুবক সোহেল আহমদ (৩৫)। সে সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার। বর্তমানে তিনি সিলেট মহানগরীর নয়াসড়ক এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। তিনি মহানগরীর হাসান মার্কেটের ব্রিফকেস ও বিভিন্ন ব্যাগেজের ব্যবসায়ী।
পুলিশ জানায়, বন্দরবাজারস্থ লালবাজারের হোটেল আলী আবাসিকের ২য় তলার ১০৮ নাম্বার কক্ষ ভাড়া নেন ব্যবসায়ী সোহেল আহমদ। দীর্ঘসময় যাওয়ার পর হোটেলে কর্মরত স্টাফরা তাকে ডাকাডাকি করলে তার কোনো সাড়া শব্দ না পেয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। পরে হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে দিয়ে রুমের দরজা ভেঙে ফ্যানের মধ্যে ঝুলন্ত অবস্থায় সোহেল আহমদের লাশ উদ্ধার করে। পরবর্তীতে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাঈনুল জাকির। তিনি জানান, আবাসিক হোটেলের কক্ষ থেকে একজন ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উপশহরে দরজা ভেঙে যুবকের লাশ উদ্ধার নগরীর উপশহর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে শাহপরান (রহ.) থানা পুলিশ এই লাশ উদ্ধার করে। নিহত রাব্বী আহমদ (২৯) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার দুসপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন উপশহর ১নম্বর রোডের, এফ- ব্লক, ২১ নম্বর বাসার নীচতলা পরিবারসহ ভাড়ায় থাকতেন।
পুলিশ জানায়, রাব্বী তার ভাই ও পিতার সাথে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন উপশহর ১নম্বর রোডের, এফ- ব্লক, ২১ নম্বর বাসার নীচতলা পরিবারসহ ভাড়ায় থাকেন। তিনি মোবাইলে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে সে ঘুম থেকে উঠেনি দেখে তার পিতা ও তার ভাই তার রুমের দরজার সামনে গিয়ে তাকে ডাকতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন জড়ো হন।পরে ঘরের দরজা ভেঙে দেখেন রাব্বী তার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে ঝুলে আছে। তাৎক্ষনিকভাবে রাব্বীকে উদ্ধার করে নগরীর সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মহানগরীর শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাব্বী আত্মহত্যা করতে পারেন। খাদিমপাড়ায় সড়কে ঝরল যুবকের প্রাণশাহপরান (রহ.) থানাধীন শহরতলীর খাদিমপাড়া বিসিক শিল্প এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একজনের প্রাণহানির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় আরও একজন গুরুতর আহত হন।নিহত যুবক শাহরিয়ার হাসান (২৬) খাদিমপাড়ার দাসপাড়া এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গত রাত আনুমানিক ১টার দিকে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন শহরতলীর খাদিমপাড়াস্থ বিসিক শিল্প এলাকার সামনে অজ্ঞাত একটি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী মারা যান এবং মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। এসময় গুরুতর আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করে। পরে দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কলেজের মর্গে প্রেরণ করে। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়
