অনলািন ডেস্ক :: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছেন না দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার সংসদে কার্যপ্রণালি বিধির ৭১অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদনের পর এ নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের পরস্পরবিরোধী বক্তব্য তুলে ধরে জাতীয় সংসদে এ কথা বলেন তিনি। এ সময় অধিবেশন পরিচালনা করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘জীবিত ও মৃত’ এর কাদম্বিনী চরিত্রের প্রসঙ্গ টেনে বক্তব্য শুরু করেন রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা দেশে না থাকলেও বিভিন্ন মাধ্যমে সারাক্ষণ নিজের উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা এর সর্বশেষ উদাহরণ।
তিনি আরো বলেন, “মাননীয় স্পিকার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা যা বলছেন তার একটির সঙ্গে অন্যটির আমরা কোনো মিল খুঁজে পাচ্ছি না।
”প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানের বক্তব্য তুলে ধরে রুমিন বলেন, গত ৩ নভেম্বর তিনি (জাহেদ) বলেছিলেন, শেখ হাসিনা নিজে ফিরুন বা তাকে ফিরিয়ে আনা হোক, সরকারের চাওয়া একটাই। সরকার তার দেশে ফেরা ঠেকাতে চায় না।
মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা বালাদেশের নাগরিক বলে উপদেষ্টা যে মন্তব্য করেছেন, সেটিও তুলে ধরেন রুমিন। তার ভাষ্য, তথ্য উপদেষ্টা শেখ হাসিনার পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিয়েছেন।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বক্তব্য তুলে ধরে রুমিন বলেন, ৯ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ‘কোনো সন্ত্রাসীকে’ পাসপোর্ট দেবে না। শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনাও সরকারের নেই। একই সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও ভারতের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথা বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য সংসদে তুলে ধরে রুমিন ফারহানা বলেন, গত ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের সত্যতা তখনও যাচাই করা হয়নি। আবেদনের আইনি ভিত্তি রয়েছে কি না, তা যাচাই করে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে চিঠি দেওয়ার কথাও বলেছিলেন তিনি।
রুমিন বলেন, অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ৮ ও ১৪ নভেম্বর শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়েছেন। আইনমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে ফেরানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ভারতের ওপর নির্ভর করছে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার সুযোগ নেই বলেও আইনমন্ত্রীর বক্তব্য তুলে ধরে রুমিন বলেন, সরকারের এসব বক্তব্যে অসংগতি রয়েছে।ব্রাহ্মণবাড়িয়া আসনের এই সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন। অথচ পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন পাসপোর্ট দেওয়ার বিষয়টি সরাসরি নাকচ করছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা যাচাই করা হয়নি। অন্যদিকে একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন।
সরকারের বিভিন্ন পর্যায় থেকে শেখ হাসিনার দেশে ফেরা ও পাসপোর্টের বিষয়ে এমন ভিন্ন ভিন্ন বক্তব্য আসায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন রুমিন।এ বিষয়ে বক্তব্য শেষ করার আগেই নির্ধারিত দুই মিনিট শেষ হয়ে যাওয়ায় তার মাইক বন্ধ হয়ে যায়।
সুত্র : সিলেটটুডে২৪ডটকম
