প্রাণনাশের হুমকি : বিশ্বনাথে সাবেক মেম্বারসহ ৪জন কারাগারে

অপরাধ বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব-রাবেয়া হাইস্কুল অ্যান্ড কলেজে ভাংচুর ও সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগে ৪আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা জামিন প্রার্থনা করলে, জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন, বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাঈদ আহমদ।
আসামিরা হলেন, রাগীব-রাবেয়া হাইস্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ কামাল মিয়া, বিশ্বনাথের কেশবপুরের মছদ্দর আলীর পুত্র সৈদ আলী, মীর্জারগাওয়ের আব্দুল মুমিনের পুত্র সুহেল আহমদ ওরফে বাদশা, একই গ্রামের বাসিন্দা বুরহান উদ্দিনের পুত্র লামাকাজি আইনিয়ন সেচ্চাসেবকদল নেতা ও সাবেক মেম্বার আবুল কালাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ নভেম্বর রাগীব-রাবেয়া হাইস্কুল অ্যান্ড কলেজে ব্যাপক ভাংচুর ও সন্ত্রাসী হামলা সংঘটিত হয়। এ ঘটনায় বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেটের সভাপতি ও রাগীব-রাবেয়া হাইস্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ এ.কে.এম ছিফত আলী বাদী হয়ে সিলেট আদালতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা (নং-৮৪/২৪ইং) দায়ের করেন। এ মামলায় আসামিরা দীর্ঘদিন কারাগাভোগ করেন।
গত ১৯ এপ্রিল মামলার বাদী অধ্যক্ষ এ.কে.এম ছিফত আলী এবং মানিত সাক্ষী জাকির হোসেন ও সুজন মিয়া আদালতে সাক্ষ্যপ্রদান শেষে আদালত থেকে বের হয়ে ৩নং বারের সামনে আসামিরা মারধর করে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনার বাদী অধ্যক্ষ ছিফত আলী গত ২২এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৬৮৪) দায়ের করেন।
এ ঘটনার সত্যতা পেয়ে গত বুধবার ৫০৬ধারায় ৪ আসামির বিরুদ্ধে আদালতে নন-এফআইআর প্রসিকিউশন (নং- ১৫১৮) রিপোর্ট দাখিল করেন। আসামিরা আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণ করেন।

আব্দুস সালাম
০১৭১১০৬৭১৯০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *