নিজস্ব পতিবেদক :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশ্বনাথ উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করলেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।’
সেবুল মিয়া আরও বলেন, ‘ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা। ধনী-গরিব ভেদাভেদ ভুলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।’
ঈদের শুভেচ্ছার পাশাপাশি তিনি বিশ্বনাথ উপজেলার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরে বলেন, ‘আমি বিশ্বনাথ উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও সুশাসিত উপজেলায় রূপান্তর করতে চাই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি, কৃষি ও গ্রামীণ অর্থনীতির বিকাশ, এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।’
তিনি আরও বলেন, ‘উপজেলার প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সরকারি সেবাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার অগ্রাধিকার।’
পরিশেষে তিনি আগামী উপজেলা নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে নিরাপদ, আনন্দমুখর ঈদ উদযাপনের আহ্বান জানান।
